image

মানুষ ডাক্তারের পেছনে ঘুরবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধি, নরসিংদী

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ‘মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি আমাদের আছে। জনস্বাস্থ্যের দিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে, দুর্নীতি মুক্তভাবে সেবা নিশ্চিত করা হবে।’

‘চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সর্বজনীন করার মন মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ রুপে পূরণ হবে।’ শুক্রবার,(২০ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সকালে প্রথম তিনি নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে আসেন। এ সময় গার্ড অব অনারের পর এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন। সাখাওয়াত হোসেন বলেন, ‘যারা আমাদের ভোট দিয়েছে তাদের ওপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমানভাবে দায় রয়েছে। সব প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সব বিদ্ধেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলবো।’

নরসিংদীতে মেডিকেল কলেজ করার পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা দোয়া করবেন। বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে।

‘নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালু হয় এজন্য আমরা কাজ করব এবং নরসিংদীতে দুটি আইসিও ইউনিট আনার জন্য আমি ইচ্ছাপোষণ করেছি।’ নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো কলিমুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» আধুনিকতা ও প্রমিতকরণের দাপটে বিপন্ন উত্তরের লোকভাষা

সম্প্রতি