কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাইপাস এলাকায় কুষ্টিয়া স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজির চালক ও চারজন যাত্রী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবুরহাট থেকে যাত্রী নিয়ে বাইপাস হয়ে শহরের দিকে যাচ্ছিল সিএনজিটি। বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজিটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বাইপাস সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
আন্তর্জাতিক: ব্রাজিল-ভারত গুরুত্বপূর্ণ খনিজ চুক্তির সম্ভাবনা