ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সার্কিট হাউসে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সিলেট অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণ ও শিল্প উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সিলেট সীমান্তের স্থলবন্দরগুলোর মাধ্যমে আমদানি-রপ্তানি বৃদ্ধি এবং বিদ্যমান ব্যবসায়িক বাধাগুলো দূর করা, বাংলাদেশের পাটজাত পণ্য ও বস্ত্রশিল্পের প্রসারে ভারতীয় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার নতুন সম্ভাবনা এবং সিলেটের শিল্পনগরীগুলোতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগের বিষয়ে কথা বলেন তারা।
সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গণমাধ্যমকে জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে বাণিজ্য ও শিল্প খাতে এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উভয় দেশ নিরলস কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটের অর্থনৈতিক উন্নয়নে এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
অন্যদিকে, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস দুই দেশের অর্থনৈতিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সিলেটের সার্বিক উন্নয়নে ভারত সব সময় পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।