image
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : কাঁচাবাজার ও মুদি দোকানের বিভিন্ন পণ্য -সংবাদ

সুন্দরগঞ্জে রমজান মাস এলেই বেড়ে যায় নিত্যপণ্যের দাম

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

পবিত্র মাহে রমজান এলেই বেড়ে যায় মাছ, মাংস, কাঁচাবাজারের সবজিসহ মুদি দোকানের বিভিন্ন পণ্যের দাম। সারাদিন পানাহারমুক্ত থেকে রাতে একটু ভালো খাবারের আশায় বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী দেখে নিম্ন ও মাধ্যম আয়ের সাধারন ক্রেতারা বিমুখ হয়ে ফিরে আসছেন। এক শ্রেণীর অসাধূ ব্যবসায়ীরা কারসাজি করে এসব পণ্যের দাম বেড়ে দেয়, অভিযোগ অনেকের। প্রতিনিয়ত বাজার মনিটরিং এর দাবি সাধারণ ক্রেতাদের।

সারাদিন অটোরিকশা চালিয়ে যে টাকা রোজগার হয় তা দিয়ে কোনোমত চাল, ডাল, লবণ, তেল কেনা যায়। ভরা মৌসুমে কাঁচা বাজারের যাওয়ার মতো সাধ্য নেই নিম্ন ও মধ্যম আয়ের অনেকের। মাছ, মাংস, ডিম, ও দুধ তো দূরের কথা। পৌরসভার অটোচালক শাহ আলম মিয়া বলেন রমজান মাসে ভালো খাবার কোনো সুযোগ নেই। তার ভাষ্য যে হারে প্রতিদিন সবজিসহ প্রতিটি জিনিসের দাম বেড়েই চলছে, তাতে করে মাসে একদিনও মাছ এবং মাংস কেনা সম্ভব হবে না।

কালিতলা বাজারে আসা ৮৫ বছর বয়েসের মোজাহার আলী বলেন, এক কেজি আলু কিনে ছিলাম ২৫ পয়সায়, বেগুন ২০ পয়সা, পটল ১৫ পয়সা, মরিচ ৩০ পয়সা, পেঁয়াজ ২০ পয়সা। আজ ভরা সেই আলু কিনতে হচ্ছে প্রতি কেজি ১২ থেকে ২০ টাকা, বেগুন ৪০ থেকে ৬০ টাকা, মুলা ৬০ টাকা, কুমড়া ৬০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, মরিচ ১২০ হতে, পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা, সিম ৩০ থেকে ৪০ টাকা, শশা ৭০ থেকে ৮০, কফি ৩০ টাকা দরে। তার ভাষ্য সেই দিনগুলো কোথায় গেল। এভাবে চলতে থাকলে আমরা গরীব মানুষ কিভাবে বাজার করব।

খোঁজ নিয়ে জানা গেছে, গরুর মাংস, ছাগলের মাংস, মুরগী, মাছের দাম গত এক সপ্তাহের চেয়ে ১০ থেকে ২০ টাকা বেড়ে গেছে। এছাড়া মুদি দোকানে সেমাই, চিনি, বুট, বুনদিয়া, খেজুর, মুড়ি, চিড়া, বাদাম, কলাসহ প্রতিটি পন্যের দাম রমজান উপলক্ষে বেড়ে গেছে। সাধারন ক্রেতাগণ বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন।

স্থানীয় সবজি না থাকার কারণে প্রতিটি কাঁচামাল জেলার বাহির থেকে নিয়ে আসতে হচ্ছে। সে কারণে কাঁচাবাজারের প্রতিটি সবজির দাম একটু বাড়তি। বর্তমানে বাজারের যেসব সবজি দেখা যাচ্ছে তার সবগুলো রাজশাহী, বগুড়া, দিনাজপুর থেকে নিয়ে আসা। সুন্দরগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী হামিদুল ইসলাম বলেন স্থানীয়ভাবে শুধু সামন্য বেগুন, আলু, সিম, কফি ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। বিশেষ করে পরিবহন খরচের কারণে সবজির দাম একধাপ বেড়ে গেছে।

উপজেলার শান্তিরাম গ্রামের সবজি চাষি পলাশ চন্দ্র বলেন, হাল চাষ থেকে শুরু করে বীজ, সার এবং দিন মজুরের দাম বেড়ে যাওয়ায় উৎপাদিত পণ্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তা না হলে লোকসান গুনতে হবে। আরদদার এবং পাইকাররা কৃষকের নিকট থেকে ক্রয় করার পর কারসাজি করে বেশি দামে বিক্রি করছে। সে কারণে খুচরা ক্রেতাগণকে চড়া দামে পণ্য কিনতে হচ্ছে।

মুদি দোকানদার কেশব চন্দ্র বলেন, ডিলারদের নিকট থেকে যে হারে ক্রয় করি, কিছু লাভ নিয়ে তা বিক্রি করি। ডিলাররা দাম বাড়ালে তো আমাদের করার কিছু নেই। কোনো পণ্যের চাহিদা দেখা দিলে দাম একটু বেড়ে যায়।

দ্বিগুণ হারে পরিবহন খরচ দিয়ে জেলার বাহির থেকে সবজি নিতে আসতে হয়। সে কারণে প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি নিতে হচ্ছে বলেন পাইকার আসাদুল ইসলাম। স্থানীয় ভাবে উৎপাদিত পণ্যের কোন পরিবহন খরচ হয় না। এসব কারণে সবজি দাম একটু বেশি।

উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি বলেন, রমজানে সবাইকে সহশীল থাকতে হবে। অল্প সময়ের মধ্যে বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি