বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; ধর্ম বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে শিগগিরই সমন্বিত যৌথ বাহিনীর অভিযান শুরু করা হবে।
গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনে সক্রিয় পাঁচ থেকে ছয়টি বনদস্যু বাহিনীর সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে। চিহ্নিত দস্যুদের ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। খুব দ্রুত যৌথ বাহিনীর সমন্বিত গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হবে।
তিনি জানান, অভিযানের চূড়ান্ত কর্মপরিকল্পনা নির্ধারণে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে বন বিভাগ, র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, উপকূলীয় এ অঞ্চলের অনেক মানুষ জীবিকার তাগিদে সুন্দরবনে যান এবং সেখানে বনদস্যুদের হামলার শিকার হন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি আরও জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, বনজ সম্পদ লুটপাট এবং জেলে ও বনজীবীদের কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অপরাধ ও দুর্নীতি: পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদলের আভাস স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধ ও দুর্নীতি: শেখ হাসিনাসহ পলাতক ৬ আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তির নির্দেশ