ষড়ঋতুর রঙ্গশালার দেশ বাংলাদেশ। এক একটি ঋতু নিয়ে আসে ভিন্ন ভিন্ন বৈচিত্র্য। ঋতুচক্রে এখন বসন্তকাল। বসন্ত মানে চারদিকে বিভিন্ন ফুলের ছড়াছড়ি। বসন্তের উপহার হলো গাছে গাছে আম্রমুকুল। মোহনগঞ্জে গাছে গাছে আম্রমঞ্জুরীতে ছেয়ে গেছে। ছোট, বড়, মাঝারি সব গাছে আম্রমুকুলে ভরে গেছে। বাড়িতে, রাস্তাঘাটে সর্বত্র আমগাছগুলো আম্রমঞ্জুরী দিয়ে শোভা ছড়াচ্ছে। মুকুল গন্ধে আমোদিত চারদিক। মৌকুলের গুনগুন শব্দে প্রকৃতিতে নিয়ে আসছে ভিন্ন আমেজ। কোনো কোনো গাছে পাতা দেখা যাচ্ছে না।
শুধুই মুকুলের সমাহার। ফাল্গুনে আম্রমঞ্জুরী প্রকৃতির অপরূপ শোভা মনকে আকুল করে দেয়। কবির ভাষায়- ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে।
জনৈক চাষি বলেন, এবার গাছে যেভাবে বৌল (মুকুল) ধরেছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে না পায় তবে আমের বাম্পার ফলন হবে। বেশি খরা পেলে মুকুল ঝরে যায় বলে জানান তিনি। এনামুল হক বাচ্চু বলেন, সব বাড়িতেই কমবেশি আমগাছ রয়েছে। এবার মুকুল ধরেছে বেশি। মুকুল টিকলে আমের ভালো ফলন হবে। অনেকে মুকুল টিকাতে গাছের বিভিন্ন পরিচর্যা করছেন। কয়েকদিন পরেই আমগাছে গুঁটি দেখা যাবে। গুঁটি পরিপক্ক হয়ে গাছে গাছে দোল খাবে বিভিন্ন জাতের পাকা আম।