image

কপোতাক্ষের পাড়ে অবৈধ মাটি কাটায় জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল শনিবার দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়। অভিযানের সময় দুটি ট্রাকভর্তি মাটি জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন (৩০) কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শরীফ হোসেনের ছেলে। উপজেলা প্রশাসন জানায়, কপোতাক্ষ নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে সাদ্দাম হোসেনকে আটক করা হয় এবং দুটি ট্রাকভর্তি মাটি জব্দ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ (গ) ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন, নদীর পাড় থেকে অবৈধ মাটি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি