image

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে সরকার। এরপর সিলেটের বিভাগীয় কমিশনারকে প্রশাসক নিয়োগ করা হয়।

কাইয়ুম চৌধুরী গত সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। পরে সিলেটের ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পান তিনি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (১)–এর অনুবৃত্তিক্রমে করপোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি