image

প্রকাশ্য দিবালোকে নির্মম হামলা: যুবকের হাত-পা বিচ্ছিন্ন

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের কচুয়া উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক যুবকের ওপর চালানো হয়েছে নৃশংস হামলা। মো. রহমত উল্লাহ শেখ (২৭) নামে ওই যুবককে তুলে নিয়ে একটি বাগানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাত বিচ্ছিন্ন করা হয়েছে। গুরুতরভাবে জখম করা হয়েছে দুই পা-ও।

গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের একটি বাগান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কচুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরাও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

রহমত উল্লাহ কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর নির্জন বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুই হাত বিচ্ছিন্ন করা হয়। একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে, অন্য পাটিও মারাত্মকভাবে জখম। চোখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আহতের পিতা আব্দুল মতিন অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে ক্ষোভ ও উদ্বেগ।

কচুয়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদাউস জানান, আহতের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একটি হাত ও একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন, অন্য পাটি প্রায় বিচ্ছিন্ন। এছাড়া মাথা, চোখ ও হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।

কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি বিরাজ করছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি