নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাতের আঁধারে কৃষিজমি থেকে মাটি কাটার সময় বাধা দেওয়ায় কৃষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে কাজরদী এলাকায় ভেকু দিয়ে জমির মাটি কাটার সময় কৃষকরা বাধা দিলে অভিযুক্তরা তাদের ওপর চড়াও হয়। এতে অন্তত ১৫ জন কৃষক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউপির কাজরদী বানিয়াপাড়া এলাকার প্রভাবশালী শাহজাহানের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের বেলায় কৃষিজমির মাটি ভেকু দিয়ে কেটে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাচ্ছে। মাটি কেটে নেওয়ার কারণে জমিতে ফসল চাষ করতে পারছেন না কৃষকরা।
গত শনিবার রাতেও একটি জমি থেকে মাটি কাটার সময় জমির মালিক ও স্থানীয় কৃষকরা বাধা দেন। এ সময় রড, লাঠি, হকিস্টিক, রামদা ও কুড়াল নিয়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এতে আকতার হোসেন, সাদ্দাম মিয়া, মোস্তফা, হোসেন, কামাল, আনোয়ার, মামুন মিয়া, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, কবির হোসেনসহ অন্তত ১৫ জন আহত হন।
আহতদের কয়েকজন জানান, শাহজাহানের নেতৃত্বে হানিফ, মহসিন ও শানু মিয়াসহ একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। অভিযোগ রয়েছে, একজনের জমির মাটি গভীরভাবে কাটার ফলে পাশের জমিও ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা মাটি বিক্রি করতে রাজি হন না, তাদের জমি থেকেও জোরপূর্বক মাটি কেটে নেওয়া হয়। বাধা দিলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
হামলার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত শাহজাহান মিয়া দাবি করেন, তিনি আবু হানিফের অধীনে কাজ করেন। আবু হানিফ জমির মাটি ক্রয় করে ভেকু দিয়ে কেটে ইটভাটায় বিক্রি করেন। হামলার সঙ্গে তিনি জড়িত নন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ জানান, কৃষিজমির মাটি কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রোববার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।