image

হজ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দর ভোগান্তি দূর হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

প্রতিনিধি, মানিকগঞ্জ

হজ ও প্রবাসী যাত্রীদের যেন বিমানবন্দরে আর কোনো হয়রানি বা ভোগান্তির মুখে পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার কার্যকর ও যুগোপযোগী ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হজযাত্রী ও বিদেশগামী কর্মীরা দেশের অর্থনীতি ও মর্যাদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যাত্রাপথ সহজ ও নিরাপদ করতে বিমানবন্দরগুলোতে জনবল সংকট দূর করা, ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সমন্বিত সেবা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, দালালচক্রের অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে, যাতে যাত্রীরা স্বল্প সময়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।

এ সময় মন্ত্রী অতীতের নেতিবাচক চর্চা ও দুর্নামের অধ্যায় পেছনে ফেলে নতুনভাবে জনবান্ধব উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি