গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
নিয়োগের খবরে তার অনুসারী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
জানা গেছে, সরকার সারা দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। এর অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব পেলেন শওকত হোসেন সরকার। এর আগে তিনি কাশিমপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
নিয়োগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা এবং শওকত হোসেন সরকারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে আনন্দ মিছিলও হয়েছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসক গাজীপুরের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পেয়ে শওকত হোসেন সরকার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, গাজীপুরকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কাজ করবেন। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।