হবিগঞ্জে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

সংবাদ অনলাইন রিপোর্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ফেরদৌস মিয়া (২৬) নামে এক যুবককে তাঁর স্ত্রী ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিহত ফেরদৌস মিয়ার সঙ্গে তাঁর স্ত্রী তাসলিমা আক্তারের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। দিনের বেলা সে বিরোধ চরমে ওঠে। একপর্যায়ে তাসলিমা আক্তার ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ফেরদৌস মিয়া তাসলিমা আক্তারের চতুর্থ স্বামী। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে নিহতের একমাত্র ছেলে মুজিব মিয়া চট্টগ্রাম থেকে বাড়িতে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি