নওগাঁ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, তিনি দলীয় পরিচয়ের গণ্ডি পেরিয়ে সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। জনগণের সেবাকে রাজনীতির মূল লক্ষ্য উল্লেখ করে তিনি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাপাহার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,
“আমি শুধু বিএনপির এমপি নই; দলমত নির্বিশেষে এই এলাকার প্রতিটি মানুষের এমপি হয়ে কাজ করতে চাই। আমরা ক্ষমতার দাপট দেখাতে নয়, জনগণের সেবক হয়ে দায়িত্ব পালন করতে এসেছি।”
নবনির্বাচিত এই সংসদ সদস্য হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম বা বেআইনি কর্মকাণ্ড করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি প্রশাসন ও সরকারি দপ্তরগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে এমপি মোস্তাফিজুর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। আপনারা নির্ভয়ে সত্য তুলে ধরবেন। পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক হুমকি বা ভয়ভীতির শিকার হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতা-কর্মীদের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
উপজেলা পর্যায়ের সাংবাদিকদের আর্থিক সংকটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অনেক সাংবাদিক নিয়মিত বেতন-ভাতা পান না। বিশেষ করে অসুস্থ ও অসহায় সাংবাদিকদের সহায়তায় তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান।
সাপাহার প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংবাদিক প্রদীপ সাহা, তোফায়েল আহমেদ, শরিফ তালুকদার, কামরুল ইসলাম, ইব্রাহিম খলিল ও সোহেল চৌধুরী রানা প্রমুখ।
এ ছাড়া সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক: ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭