টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ানপাড়া বাজারে মধ্যরাতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তেই দুইটি পরিবারের স্বপ্ন, আশা ও জীবিকার অবলম্বন আগুনে ভস্মীভূত হয়।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে সাবেক ইউপি সদস্য শাহাদত হোসেনের মনোহারি দোকানে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দুটি দোকানের সব মালামাল পুড়ে যায়।
ব্যবসায়ী শাহাদত হোসেন বলেন, তারাবির নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়িতে যান। কিছুক্ষণ পর বিকট শব্দ শুনে ছুটে এসে দেখেন দোকান দাউ দাউ করে জ্বলছে। তিনি বলেন, “ঘরের ভেতর থেকে একটি সুই-সুতাও বের করতে পারিনি। অন্তত ১৭-১৮ লাখ টাকার মালামাল ছিল, যার বেশিরভাগই ঋণের টাকায় তোলা। এক রাতের আগুনে আমি নিঃস্ব হয়ে গেলাম।”
পাশের দোকানের মালিক ও ইলেকট্রনিক মেকানিক আব্দুল জলিল বলেন, “এই দোকানটাই ছিল আমার সংসারের একমাত্র ভরসা। এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না। খবর পেয়ে বাজারে এসে দেখি সব দাউ দাউ করে জ্বলছে। আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা যায়নি।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।
এক রাতের এই অগ্নিকাণ্ডে দুইটি পরিবার দিশেহারা হয়ে পড়েছে। ঋণের বোঝা ও সংসারের দায় নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের সহায়তার প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্তরা।