বাগেরহাট জেলার সীমান্তবর্তী হালিশহর ও চিতলমারী উপজেলার রায়গ্রাম এলাকায় মরা চিত্রা নদীর ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। দ্রুত একটি স্থায়ী কালভার্ট বা ব্রিজ নির্মাণের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে এখানে একটি ব্রিজ ছিল কিন্তু বছর কয়েক আগে খাল পুনঃখননের পর ব্রিজটি ভেঙে যায়। পরবর্তীতে এলাকাবাসী বাঁশ দিয়ে একটি সাঁকো তৈরি করেন। যা পারাপারের জন্য ঝুঁকিপূর্ণ। অস্থায়ী এই বাঁশের সাঁকোটিই দুই পাড়ের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। প্রতিদিন কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সাঁকো ব্যবহার করেন। বিশেষ করে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। বর্ষা মৌসুমে সাঁকোটি আরও বেশি পিচ্ছিল ও নড়বড়ে হয়ে পড়ে, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। রায়গ্রামের এক অভিভাবক জানান, ‘আমাদের ছেলেমেয়েরা প্রতিদিন এই সাঁকো দিয়ে বিদ্যালয়ে যায়। একটু অসাবধান হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত একটি পাকা ব্রিজ চাই।’
এলাকাবাসীর দাবি, একটি স্থায়ী কালভার্ট বা ব্রিজ নির্মাণ করা হলে দুই উপজেলার মানুষের যোগাযোগ সহজ হবে, শিক্ষা, কৃষি ও স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ নানা ক্ষেত্রে ভোগান্তি কমবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন জানান, আমি ইতিমধ্যে ঘটনাস্থল গিয়েছি। বরাদ্দ পেলে দ্রুত ব্রিজের কাজ শুরু করা হবে।
অর্থ-বাণিজ্য: অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রায় ৩৯ লাখ