image
ছবিঃ সংগৃহীত

খাল দখল ও নাব্য সংকটে গৌরনদী-আগৈলঝাড়ার কৃষি : পুনঃখননের দাবি

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার টরকি থেকে চেংগুটিয়া-বাশাইল খাল এবং গয়নাঘাট এলাকায় আড়িয়ালখাঁ নদীর পানিপ্রবাহের প্রবেশমুখ দীর্ঘদিন ধরে দখল ও ভরাট হয়ে থাকায় চরম সংকটে পড়েছেন স্থানীয় কৃষকরা। খালগুলোর নাব্যতা হারিয়ে যাওয়ায় একদিকে বর্ষায় জলাবদ্ধতা, অন্যদিকে শুষ্ক মৌসুমে সেচ সংকট দুই দিক থেকেই বিপাকে কৃষিরা।

গতকাল সোমবার সকাল ১১টায় টরকি বন্দরের এলাকাবাসী খাল ও নদীর প্রবেশমুখ দখলমুক্ত এবং দ্রুত পুনঃখননের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ নেয়া কৃষকরা জানান, টরকি থেকে বাশাইল এবং গয়নাঘাট থেকে রাজিহার পর্যন্ত খালের বেশিরভাগ অংশই ভরাট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আবার শুকনো মৌসুমে পর্যাপ্ত সেচের পানি না পাওয়ায় আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের ভাষ্য, খালের প্রবেশদ্বার দুটি দখলমুক্ত করে পুনঃখনন করা হলে পানির স্বাভাবিক প্রবাহ ফিরবে। এতে জলাবদ্ধতা কমবে, সেচব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বাড়বে। একই সঙ্গে কৃষকদের আর্থিক ক্ষতিও কমে আসবে।

টরকি এলাকার কৃষক সালাউদ্দিন কাদের বলেন, খালটি দখলমুক্ত ও পুনঃখনন করা হলে আমাদের কৃষিকাজে নতুন গতি আসবে। এখন পানি না থাকায় জমি অনাবাদি পড়ে থাকে, আবার বর্ষায় অতিরিক্ত পানিতে ফসল নষ্ট হয়। আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ চাই।

এ বিষয়ে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহিমের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে খাল দখলমুক্ত ও পুনঃখননের উদ্যোগ নিলে গৌরনদী-আগৈলঝাড়ার কৃষি আবারও প্রাণ ফিরে পাবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি