মুকসুদপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—এস.জে. সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাফসান রাফি ও অনুজ মজুমদার। রাফসান রাফি মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডীবর্দী এলাকার জাহিদুর রহমান মিয়ার ছেলে এবং অনুজ মজুমদার শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাফসান রাফি মারা যান।
গুরুতর আহত অনুজ মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতে সেখানেই তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।