গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নগর ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
নগর ভবনে পৌঁছালে সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাকে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, গাজীপুরকে ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলাই তার অগ্রাধিকার। পাশাপাশি যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশকনিধনে গুরুত্ব দিয়ে আধুনিক নগর গড়ে তুলতে কাজ করবেন। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষর করেন।
শওকত হোসেন সরকার এর আগে কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে একাধিকবার নির্বাচিত হন।
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপির নেতা অধ্যাপক এম এ মান্নান। পরবর্তীতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং তার মা জায়েদা খাতুন মেয়রের দায়িত্ব পালন করেন। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর জায়েদা খাতুনকে অপসারণ করা হলে প্রশাসক হিসেবে ঢাকা বিভাগের কমিশনার শরাফ উদ্দিন আহমেদকে নিয়োগ দেয় সরকার।
অপরাধ ও দুর্নীতি: ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ছেন ডিএমপি কমিশনার