image

তারাগঞ্জে উন্নয়নযাত্রা জোরদার: কৃষি প্রযুক্তি ও কল্যাণ কর্মসূচিতে নতুন গতি

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান তারাগঞ্জ উপজেলায় সরকারের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী সফরে তিনি আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঋণ বিতরণ এবং দুস্থদের মানবিক সহায়তা প্রদান করেন।

সফরের শুরুতেই উপজেলা চত্বরে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তিনি এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলমান বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উপজেলায় দুগ্ধ শিল্পের বিকাশে ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)’–এর আওতায় দুটি ডেইরি প্রডিউসার গ্রুপকে সম্পূর্ণ বিনামূল্যে দুটি আধুনিক মিল্কিং মেশিন প্রদান করা হয়। সয়ার ইউনিয়নের ফরিদাবাদ ডেইরি পিজির প্রতিনিধি লাবনী আক্তার এবং আলমপুর ইউনিয়নের মধুরামপুর ডেইরি পিজির প্রতিনিধি মাসুদ রানা নিজ নিজ গ্রুপের খামারিদের পক্ষে মেশিনগুলো গ্রহণ করেন। উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় উপজেলার ১৫টি গ্রুপের ৫৬৪ জন খামারি সরাসরি উপকৃত হচ্ছেন। আধুনিক এই মেশিন ব্যবহারের ফলে স্বল্প সময়ে অধিক গাভীর দুধ দোহন সম্ভব হবে এবং শারীরিক শ্রম ও দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমবে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ক্ষুদ্রঋণ ও আর্থিক বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র এবং প্রতিবন্ধী পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪০ জন উপকারভোগীর মাঝে মোট ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া চলাচলে অক্ষম তিনজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবার এবং হতদরিদ্র আরও চারটি পরিবারের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক। প্রতিটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, ছয় হাজার টাকার চেক এবং ১০ প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায়ে আধুনিক প্রযুক্তির সেবা পৌঁছে দেওয়া এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন করা। তারাগঞ্জ উপজেলা প্রশাসনের এই উন্নয়নমুখী কার্যক্রম প্রশংসনীয়।”

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, সরকারের সহযোগিতায় উন্নয়নমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি