অপরাধ-অপকর্মে আলোচিত বাগেরহাটে এবার জমি বিরোধের জেরে চাচাকে হত্যার ঘটনা ঘটেছে। ভাতিজাদের সঙ্গে মারামারিতে আহত চাচা মো. ইদ্রিস আলী শেখ (৫০) গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে সকালে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন তার ভাই ও ভাতিজারা। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালিপুর গ্রামে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন ইদ্রিস আলীর ভাই সিদ্দিকের ছেলে আলী শেখ, নিজাম শেখ, নাজিম উদ্দীন শেখ ও রুবেল শেখসহ কয়েকজন পৈত্রিক জমিতে ঘর নির্মাণ করতে যান। ইদ্রিস আলী ও তার ছেলে এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে ইদ্রিস আলীসহ উভয়পক্ষে সাতজন আহত হন।
আহতদের প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ইদ্রিস আলীসহ তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলী মারা যান।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে ইদ্রিস আলী গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি)সকালে খুলনায় তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
আন্তর্জাতিক: ওয়াশিংটনে ছুরিকাঘাতে চারজন নিহত
অপরাধ ও দুর্নীতি: ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ছেন ডিএমপি কমিশনার