বাগেরহাটের কচুয়া উপজেলার উপজেলা কৃষি অফিসের পুরাতন একটি ভবনে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে হঠাৎ এ আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কচুয়া স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে আবারও একই ভবনে আগুন জ্বলে ওঠায় ফায়ার সার্ভিসের সদস্যরা পুনরায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণ করেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডে ভবনের ভেতরে থাকা পাঁচটি পরিত্যক্ত মোটরসাইকেল, দুটি পাওয়ার টিলার এবং বিভিন্ন দপ্তরের পুরোনো গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত সামগ্রীর মধ্যে উপজেলা কৃষি অফিস ছাড়াও এলজিইডি ও শিক্ষা অফিসের সংরক্ষিত মালামাল ছিল বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বাগেরহাট পুলিশ অফিস জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। পাশাপাশি আগুন আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রোধ করা সম্ভব হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সারাদেশ: কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু