লালন স্মরণোৎসব
পবিত্র মাহে রমজানের কারণে এ বছর সীমিত পরিসরে তিন দিনের জায়গায় এক দিনের জন্য লালন স্মরণোৎসব উদযাপন করা হবে। আগামী ২ মার্চ কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ীতে এ উৎসব অনুষ্ঠিত হবে। প্রতি বছর আখড়াবাড়ী প্রাঙ্গণে লালন স্মরণোৎসব আয়োজন করা হয় তিন দিনব্যাপী। সেখানে দূর-দূরান্ত থেকে সাধু-বাউলরা মিলিত হয়। আখড়াবাড়ী চত্বর, কালিগঙ্গা নদীর তীরে বিশাল মাঠ সাধু ও ভক্তদের এক মহামিলন ঘটে। দেশ-বিদেশ থেকে লালন ভক্তদের আগমন ঘটে। লালন স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সোমবার দুপুরে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালন স্মরণোৎসব উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, লালন স্মরণোৎসব উদযাপনে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং লালন অনুসারী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। সভায় জানানো হয়, পবিত্র মাহে রমজানের কারণে এ বছর সীমিত পরিসরে এক দিনের জন্য আগামী ২ মার্চ লালন স্মরণোৎসব উদযাপন করা হবে। কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, যানবাহন নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, লালনের আদর্শ মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, আর এক দিনের এ উৎসব সফল করতে সবার সহযোগিতা দরকার।
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ
অর্থ-বাণিজ্য: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো
সারাদেশ: বাঁচার আকুতি গৃহবধূ মুন্নির