image

পঞ্চগড়ে বন্ধ চা কারখানা চালুর দাবিতে স্মারকলিপি

প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে বন্ধ হয়ে থাকা ‘উত্তরা গ্রিন টি’ নামে একটি চা কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষুদ্র চা চাষি ও শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চা বোর্ড-এর পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, পঞ্চগড় সদর উপজেলার কেচারা পাড়া এলাকায় অবস্থিত কারখানাটি ২০২০ সালের শুরুতে উৎপাদন কার্যক্রম শুরু করে। দীর্ঘদিন ধরে কারখানাটি চাষিদের কাছ থেকে ন্যায্যমূল্যে কাঁচা চা পাতা ক্রয় করে আসছিল। তবে নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশ চা বোর্ড কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেয়।

এতে কারখানায় চা পাতা সরবরাহকারী সহস্রাধিক চাষি বিপাকে পড়েছেন বলে দাবি করেন তারা। বক্তারা বলেন, গত মৌসুমে সমতলের চা জাতীয় উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসন্ন মৌসুমে কারখানাটি বন্ধ থাকলে জাতীয় উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে এবং চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি কারখানা বন্ধ থাকলে একটি সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে দামে ও ওজনে কাটছাঁটসহ নানা অনিয়মের সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন, কারখানার কাগজপত্র সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা দ্রুত সমাধান করা হোক। আগামী ১ মার্চ থেকে নতুন মৌসুমে যাতে কারখানাটি চা পাতা ক্রয় শুরু করতে পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চা বোর্ডের প্রতি আহ্বান জানান তারা।

পরে চাষিরা বাংলাদেশ চা বোর্ড-এর চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ফার্ম সুপারভাইজার মেহেদী হাসান।

মানববন্ধনে চা চাষি রফিকুল ইসলাম, সোহেল রানা, রফিকুল ইসলাম আর্মি এবং পঞ্চগড় চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খানসহ অনেকে বক্তব্য দেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি