ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলে এক শিশু শ্রমিকের পায়ুপথে কম্প্রেসার মেশিনের বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলের ভেতরে এ ঘটনা ঘটে। ১২ বছর বয়সী শিশু শ্রমিক মো. সজিব ওরফে শরীফ কাজ শেষে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে শরীরের ধুলোবালি পরিষ্কার করছিল।
এ সময় অভিযুক্ত রিহাত শেখ ও তার এক সহযোগী সজিবের পায়ুপথে উচ্চচাপের বাতাস প্রবেশ করায়। এতে তার পেট ফুলে যায় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
আহত সজিবকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ভাষ্য, উচ্চচাপের বাতাসের কারণে শিশুটির অন্ত্রের একাধিক স্থানে ছিদ্র হয়, যা অস্ত্রোপচারের পরও সারিয়ে তোলা সম্ভব হয়নি।
র্যাব-১০-এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বাবা বোয়ালমারী থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
পরবর্তীতে র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প (সিপিসি-৩) গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাগুরা থেকে মামলার প্রধান আসামি রিহাত শেখ ওরফে হাকিমকে গ্রেপ্তার করে। তিনি ফরিদপুরের বোয়ালমারী থানার রামনগর গ্রামের লিন শেখের ছেলে।
র্যাব কর্মকর্তা আরও জানান, এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে র্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অপরাধ ও দুর্নীতি: লাঠি হাতে ভাইরাল রাকিব আসলে পলাতক খুনি