image

ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, হজযাত্রীদের জন্য সাময়িক স্থগিত: মন্ত্রী আরিফুল হক

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, সিলেট বিভাগের উন্নয়নে নির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করছেন। সিলেটের মহাসড়ক, রেল ও বিমানসংক্রান্ত সমস্যা সমাধানে তিনি ধারাবাহিকভাবে উদ্যোগ নিচ্ছেন বলেও জানান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশেষ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, লাগেজ নিয়ে টানাহেঁচড়া বন্ধ করা এবং যাত্রীদের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এর আগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হবে না। হজযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। ইনশাআল্লাহ এক বছরের মধ্যে সার্বিক বিষয়ে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।”

বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী এবং সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি