গাজীপুরে মোটরসাইকেল সংঘর্ষে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি লাইনের পাশে একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে চন্দনা চৌরাস্তার মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ হিরণ মিয়া সংবাদ ডিজিটালকে জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী আলোকিত মধুপুর পরিবহনের একটি বাস থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।

https://sangbad.net.bd/images/2026/February/27Feb26/news/1000136355%20%281%29.jpg

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে গাজীপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে এবং সড়কের সঙ্গে ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত ঘটে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘর্ষণজনিত কারণে আগুন লেগেছে। এ ঘটনায় কোনো হতাহত না হলেও বাস ও মোটরসাইকেলের অংশবিশেষ পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে প্রায় ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

এলাকাবাসী জানান, ব্যস্ত সড়কে এ ধরনের দুর্ঘটনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড় বিপর্যয় ঘটতে পারত। সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছানোর কারণে সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি