image

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে নতুন সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

দীর্ঘদিন ধরে স্থবির ও ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকার দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে পদ্ধতিগতভাবে দুর্বল ও অকার্যকর করে দিয়েছিলো। এখন সে সব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করে সেখানে জবাবদিহিতা ও সুশাসনের কাঠামো ফিরিয়ে আনাই নতুন সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গণতান্ত্রিক ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এলাকাবাসীর অকৃত্রিম ভালোবাসা ও ভোটের মাধ্যমেই তিনি আজ এই অবস্থানে এসেছেন। তাদের এই আস্থার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চান। এলাকার উন্নয়নে এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করাই তার মূল লক্ষ্য।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মন্ত্রী মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি