image

কুড়িগ্রামে একটি ভালো কাজের বিনিময়ে ফ্রিতে ইফতার

প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের চিলমারীতে দিনে একটি ভালো কাজ করলেই ফ্রিতে ইফতার পাওয়া যাচ্ছে। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ভালো কাজের মানসিকতা বৃদ্ধিতে সাহায্য করছে, পাশাপাশি ইফতার ও রাতের খাবারের নিশ্চয়তা বাড়িয়ে ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মানুষদের আনন্দ দিচ্ছে। প্রতিদিন প্রায় ৫০০–৬০০ মানুষকে বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছে রাজধানীভিত্তিক সংগঠন ‘ভালো কাজের হোটেল’।

সরেজমিনে রমনা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় শত শত ছিন্নমূল নারী, পুরুষ এবং শিশু ইফতার সংগ্রহের জন্য উপস্থিত। সংগঠনের সিনিয়র স্বেচ্ছাসেবক নুর আলম রাঙা জানান, “আজ এখানে ৬০০-এর বেশি মানুষের জন্য ইফতার আয়োজন করেছি। এতে রয়েছে বিরিয়ানি, মুরগীর রোস্ট, খেজুর ও সরবত। শুধুমাত্র দিনে একটি ভালো কাজ করলেই বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, ঢাকা ভিত্তিক ‘ইয়ুথ ফর বাংলাদেশ’ নামে একটি সংগঠনের শাখা হিসেবে কাজ করছে ভালো কাজের হোটেল। এই সংগঠনের প্রায় ৪,১০০ সদস্য প্রতিদিন ১০ টাকা করে দান করছেন। তাদের আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম কুড়িগ্রামসহ দেশের চারটি স্থানে চালু রয়েছে।

বিনামূল্যে ইফতার খেতে আসা মানুষরা জানান, তারা ভালো কাজ ছাড়া আর কিছুই চান না। একটি ভালো কাজের বিনিময়ে খাবার পাওয়ায় হতদরিদ্র ও গরীব মানুষদের জন্য এটি অত্যন্ত সহায়ক।

রমনা রেলওয়ে বস্তির নসিমন বেওয়া বলেন, “ভালো উপকার হয় আমাদের। বাড়িতে খাবার নেই, তাই এখানে খাবার নিতে আসি। আজকে একজন মহিলার পা কেটে গিয়েছিল, তাকে হাসপাতালে নিয়ে গিয়েছি। খাবার পাওয়ায় আমাদের অনেক সাহায্য হয়।”

ভালো কাজের উদাহরণ হিসেবে রমনা ব্যাপারী পাড়া থেকে আসা ছালমা বেগম জানান, “একজন বৃদ্ধা মানুষকে গোসল করিয়ে ঘরে পৌঁছে দিয়েছি। এরকম ছোট ছোট ভালো কাজের জন্য লোকজনকে ফ্রিতে ইফতার দেওয়া হচ্ছে।”

স্থানীয় যুবক সাব্বির বলেন, “প্রতিদিন ৫–৬ শত মানুষকে একটি ভালো কাজের বিনিময়ে বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে। এটি একটি মহৎ উদ্যোগ। পিছিয়ে পরা ও দুর্যোগ কবলিত পরিবারদের জন্য এটি আশীর্বাদ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে।”

সংগঠনের স্বেচ্ছাসেবক লিমন জানান, সংগঠনের সদস্য, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় কুড়িগ্রামসহ ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে এই কার্যক্রম চলছে। পুরো রমজান মাস জুড়ে এটি অব্যাহত থাকবে। স্থানীয় নিম্নআয়ের মানুষদের জন্য এই উদ্যোগ বিশেষভাবে আনন্দদায়ক বলে উল্লেখ করেন তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি