image

চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, “চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। এজন্য স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন ও সহজলভ্য করতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ডাক্তারদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে।”

মন্ত্রী আরও বলেন, “ডাক্তারসহ সকল কর্মীকে নির্ধারিত সময়ে তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় শূন্য পদগুলো দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হবে, যেখানে প্রয়োজন সেখানে পদায়ন করা হবে।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরদী উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, “কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবলসহ সচল করা হবে, যাতে মায়েরা প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজেই নিতে পারে। এছাড়া যেসব হাসপাতাল পর্যাপ্ত জনবল ও যন্ত্রাংশের অভাবে কার্যক্রম বন্ধ ছিল, সেগুলো চালু করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি