image
নরসিংদী : খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক - সংবাদ

জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা

প্রতিনিধি, নরসিংদী

জেলার মাঠে মাঠে এখন ইরি-বোরো ধান ক্ষেত পরিচর্যা ও সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইরি-বোরো ক্ষেতে সময় দিচ্ছেন তারা।

এ অঞ্চলে ইরি-বোরো ধানের চারা রোপণের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে বলে জানাগেছে। এখন এঅঞ্চলের মাঠের পর মাঠ, যে দিকে চোখ যায়, সে দিকে দেখা যাচ্ছে কচি সবুজ, উঠতি বয়সের ইরি-বোরো ধানের চারা। তাই এ অঞ্চলের কৃষকরা বুকে রঙ্গিন স্বপ্ন ধারণ করে ইরি-বোরো ধানের ক্ষেতে কাজ করছেন।

সরেজমিন জেলার বিভিন্ন মাঠে দেখা যায়, কৃষকরা কেউ সার-কীটনাশক প্রয়োগ করছেন, কেউবা আগাছা পরিষ্কার করছেন, কেউ আবার জমিতে পানি সেচের কাজে ব্যস্ত। এই দৃশ্য দেখে মনে হলো, কৃষকদের কাক্সিক্ষত ফসল ভালোভাবে ফলাতে দম ফেলানোর সময় নেই তাদের।

রায়পুরা উপজেলার আলীনগর গ্রামের শুকুরআলী বলেন, আমি প্রায় ২ বিঘা জমিতে ইরি-বোরো ধানের আবাদ করিছি। ধানের জমি থেকে আগাছা পরিষ্কার করা শেষ হয়েছে। এখন ধান ক্ষেতে সার প্রয়োগ করছি। চারা গাছের চেহারা দেখে বোঝা যাচ্ছে এবার ভালো ফলন পাওয়া যেতে পারে। তবে, পোকার আক্রমণ বেশি দেখা যাচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচের পানি কম উঠছে। এতে একটু সমস্যা হচ্ছে। তারপরেও ভালো ফলন হবে ইনশাআল্লাহ।

একই উপজেলার ভিটি মরজাল গ্রামের জসিমউদদীন বলেন- মরজালের মাঠে কিছু কিছু জমিতে আগে ইরি-বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। এখন চারার আগাছা পরিষ্কার শেষ করে সার প্রয়োগের কাজ চলছে। তিনি বলেন, আমাদের এই সোনালী ফসল ঘরে তোলার আগ পর্যন্ত ব্যস্ততা থাকবে।

শিবপুর উপজেলা বাঘাব গ্রামের কৃষক রমজান বলেন, আমরা সাধারণত কৃষির ওপর নীর্ভরশীল, তাই এই ইরি-বোরো আবাদের পুরো সময় আমাদের ভালো ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত থাকতে হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে, চলতি ইরি-বোরো মৌসুমে নরসিংদী অঞ্চলে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধান জমিতে রোপণ করেছেন কৃষকরা। এজন্য ভালো ফলনসহ লক্ষ্যমাত্রা নির্ধারণ হবে এটায় আশা করছি। কৃষকরা মন-প্রাণ দিয়ে জমিতে ইরি-বোরো ধান চাষ করছেন এবং নিয়মিতভাবে তারা পরিচর্যার কাজও চালিয়ে যাচ্ছেন। যাতে প্রাকৃতিকভাবে কোনো ক্ষতি হওয়ার আগে তারা ফসল ঘরে তুলতে পারেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ আজিজল হক জানান, এখন ইরি-বোরো ধান ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। ইরি-বোরো চাষ আবাদে কৃষকদের সার্বক্ষণিক সব ধরনের পরামর্শ প্রদান করছি আমরা। তবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মৌসুমে ইরি-বোরো চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» স্বপ্নছোঁয়ার আগেই নিভে গেল প্রাণ প্রবাসে যাওয়ার এক দিন পরই মৃত্যু

সম্প্রতি