image

নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড়

হাসপাতাল চালু না করতেই এমপি পেলেন ৫০ কোটি টাকার প্রস্তাব

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজা বলেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু না করার জন্য তিনি ৫০ কোটি টাকার প্রস্তাব পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি বলেন, “গত তিন দিনে শুধু মেডিকেল কলেজের বিষয়টি নিয়ে প্রায় ৫০ কোটি টাকার অফার পেয়েছি। কেউ জানবে না—আল্লাহ ছাড়া। আমি বলেছি, ৫০ কোটি কেন, ১০০ কোটি দিলেও, এমনকি কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার অবস্থান থেকে একচুল নড়ব না।”

নাম প্রকাশে অনিচ্ছুক এমপির এক সহযোগী দাবি করেন, কুষ্টিয়ার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগ চালু হলে জেলা ও উপজেলার অধিকাংশ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ব্যবসায় ধস নামতে পারে—এ আশঙ্কা থেকেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে কয়েকজন বেসরকারি ক্লিনিক মালিক এ ধরনের প্রস্তাবের বিষয়টি অস্বীকার করেছেন। তাদের দাবি, এমন কোনো তথ্য তাদের জানা নেই। তারা বলেন, চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় হাসপাতাল একসময় পূর্ণাঙ্গ রূপ পাবে—এটি বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না।

এমপি আমির হামজার বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে জানতে চান, কারা এ প্রস্তাব দিয়েছেন—তাদের নাম প্রকাশ করা হোক।

উল্লেখ্য, এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন বক্তব্যের কারণে তিনি আলোচনায় রয়েছেন। এক সভায় তিনি বলেন, “সংসদে বিরোধী দলের ৭৯ জন এমপি মিলে ২১১ জন সরকারি দলের এমপিকে তীরের মতো সোজা করে রাখব।” এর আগে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি মন্তব্য করেন, “আমি উপরওয়ালা, আমার ওপর কেউ নেই।”

তার এসব বক্তব্য ঘিরে কুষ্টিয়ার রাজনৈতিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

» স্বপ্নছোঁয়ার আগেই নিভে গেল প্রাণ প্রবাসে যাওয়ার এক দিন পরই মৃত্যু

সম্প্রতি