image

গাজীপুরে শিক্ষার্থীসহ দুই জনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় অজ্ঞাত এক যুবকের এবং সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে নিখোঁজ একদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকা থেকে অজ্ঞাত যুবকের এবং দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষার্থী মাহাবুর ইসলাম রনি (১৪) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। রনি পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করতো। গতকাল সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। অপরদিকে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় উদ্ধার হওয়া যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের আনুমানিক বয়স ২০ বছর। ধারণা করা হচ্ছে, যুবককে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে নির্জন গজারী বনের পাশে এনে পুড়িয়ে দেয়া হয়েছে। মরদেহ পোড়াতে দাহ্য পদার্থ ব্যবহার করা হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি থানায় নিখোঁজ ডায়েরি ও পার্শ্ববর্তী থানাগুলোতে ওই বয়সের মিসিং ব্যক্তির তথ্য যাচাই করা হবে।

অপরদিকে, স্বজনদের বরাতে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, রনি শুক্রবার রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিল। তার স্বজনরা রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করেছিল, কিন্তু সন্ধান মেলেনি। শনিবার সকালে স্থানীয়রা ভবানীপুরে আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে তার পরিবার মরদেহ শনাক্ত করে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি