image

কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় ও এক বাংলাদেশী যুবক আটক

প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা এলাকায় মাদকসহ দুই ভারতীয় নাগরিক এবং এক বাংলাদেশী যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাটি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নএর পূর্ব ফুলমতি বালারহাট সীমান্তবর্তী এলাকায় ঘটে।

আটকৃতদের ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। আটক দুই ভারতীয় নাগরিক হলেন: আখিরুল খন্দকার (২০), ভারতের কোচবিহার জেলা, দিনহাটা থানার নটকোবাড়ি এলাকার সাঈদ খন্দকারের ছেলে। ফারুক মিয়া (২২), একই জেলার সাহেবগঞ্জ থানার কিসামত করলা গ্রামের জমির আলীর ছেলে।

অপর বাংলাদেশী যুবক হলেন আয়নাল হক (২৬), ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা খলিশাকোঠাল এলাকার মনসের আলীর ছেলে। তার কাছ থেকে পুলিশ ৮০ পিস ইয়াবা জব্দ করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম শুক্রবার সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার বালাটারি গ্রামের মৃত মনসের আলীর ছেলে জেলালের বাড়িতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ভারতীয়সহ অন্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে।

আটক দুই ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির কাছে হস্তান্তর করা হবে। অপর বাংলাদেশী যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আটক দুই ভারতীয় নাগরিকের বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং রাতের মধ্যেই তাদেরকে বিএসএফের মাধ্যমে হস্তান্তর করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি