ব্যক্তি খাতে কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কর বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রীর একটি মন্তব্যের প্রসঙ্গে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য মিডিয়ায় ভুলভাবে প্রকাশিত হয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে ট্যাক্স-জিডিপি অনুপাত আশপাশের দেশের তুলনায় অনেক কম। এর কারণে সরকারের রাজস্বের একটি বড় অংশ শুধু চলমান খরচ মেটাতে ব্যয় হয়, উন্নয়নমূলক কাজে ব্যয় করা সম্ভব হয় না। তাই অর্থমন্ত্রী ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর কথা বলেছেন। তবে ব্যক্তি খাতে কর বাড়ানো হবে না।
শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। সভায় প্রবাসী, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন, রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রথম দু’একদিন লেবুসহ কয়েকটি পণ্যের দাম বেড়ে গিয়েছিল, তবে এখন আগের অবস্থায় ফিরে এসেছে।
তিনি জানান, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করা হবে।
প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। আগামী এক মাসের মধ্যে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা করা যায়। এছাড়া, স্পেনে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী ও খাল খনন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলের কারণে সিলেটে প্রতিনিয়ত ঢলের পানি আসে, যা বর্ষায় বন্যার ঝুঁকি সৃষ্টি করে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু প্রকল্প ইতিমধ্যে চলমান আছে এবং নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। যৌন নদী কমিশনেও প্রয়োজনীয় আলোচনা চলছে।
মতবিনিময় সভার পরে বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী সুরমা ও চেঙ্গার নদী এলাকা পরিদর্শন করেন।
অপরাধ ও দুর্নীতি: বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার, আঙুলের ছাপে পরিচয় শনাক্ত