image

রাজনীতি করতে হলে শৃঙ্খলা মানতে হবে: প্রতিমন্ত্রী নূর

প্রতিনিধি, মাদারীপুর

শৃঙ্খলা না থাকলে রাজনীতি করতে নিষেধ করেছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নূর।

শুক্রবার সকালে মাদারীপুর সদর থানাধীন মোস্তফাপুর বাসস্ট্যান্ডে শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে শৃঙ্খলা বিষয়ে কঠোর এ বার্তা দেন তিনি।

তিনি বলেন,রাজনীতি করলে শৃঙ্খলা থাকতে হবে। আপনারা এখানে মাত্র ৫০ জন লোক ফুল দিতে এসে যেভাবে ধাক্কাধাক্কি করছেন, তাতে আপনাদের রাজনীতি করার দরকার নেই।

এর আগে, পটুয়াখালী যাওয়ার পথে মাদারীপুরে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করেন শ্রম প্রতিমন্ত্রী। সকাল ১১টা ৫২ মিনিটে মাদারীপুর সদর থানাধীন মোস্তফাপুর বাসস্ট্যান্ডে তিনি অল্প সময়ের জন্য অবস্থান করেন। এ সময় মাদারীপুর জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং সরকারের অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

এলাকায় উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাল খননের প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে অবগত করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে জনগণই আসন্ন স্থানীয় নির্বাচনে তার জবাব দেবে।

শান্তিপূর্ণভাবে দুপুর ১২টা ৪ মিনিটে কর্মসূচি শেষ করে নুরুল হক নূর পটুয়াখালীর উদ্দেশে রওনা হন। অনুষ্ঠানে মাদারীপুর জেলা ও সদর উপজেলা গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, এই স্বল্প যাত্রাবিরতির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি