ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মন্ত্রী হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং চিকিৎসা সেবার মান আরও উন্নত করার বিষয়ে তার পরিকল্পনার কথা জানান।
সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং এর জন্য স্থানও নির্ধারণ করা হয়েছে।
এই মেডিকেল কলেজটি বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য সেবার ব্যাপক উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, মেডিকেল কলেজ প্রকল্পের অংশ হিসেবে বর্তমানের ২৫০ শয্যার হাসপাতালটিকে ৫০০ শয্যায় করা হবে, যাতে এলাকার সাধারণ মানুষ আরও উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা পেতে পারেন।
জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার সবসময় সজাগ থাকবে বলেও তিনি অঙ্গীকার করেন।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলাপে মন্ত্রী হাসপাতাল সুপারকে নির্দেশ দেন যে, স্বাস্থ্য সেবার মান বাড়াতে যা যা প্রয়োজন তার একটি তালিকা তৈরি করতে। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের চাহিদা জানালে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ ছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে হাসপাতালে রোগীদের যাতায়াতের সুবিধার্থে আরও একটি নতুন লিফট স্থাপন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে জেলার সাধারণ মানুষের জন্য সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এই হাসপাতালে কর্মরত আছেন, তাদের বিভিন্ন সমস্যার বিষয়টিও সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহ পার হয়েছে। এই অল্প সময়ের মধ্যেই জনসেবার প্রতিটি খাত গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব দ্রুতই সব সমস্যা সমাধান করা সম্ভব হবে।
অর্থ-বাণিজ্য: ইরানে হামলার ধাক্কায় বড় পতন দেশের পুঁজিবাজারে
আন্তর্জাতিক: খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা
সংস্কৃতি: একুশে পদকের অর্থ নেবেন না মোহন রায়হান