image

পাবনায় হাট ইজারায় সমঝোতার ‘টেন্ডারবাজি’

হাবিবুর রহমান স্বপন, পাবনা

পাবনার সাঁথিয়া উপজেলার পৌর সদরের বোয়াইলমারী হাটের ইজারা প্রক্রিয়া নিয়ে ব্যাপক অনিয়ম, সিন্ডিকেট ও নিলাম সমঝোতার অভিযোগ উঠেছে। প্রচলিত দরপত্র বিধিমালা লঙ্ঘন করে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে হাট ইজারা দেওয়া হয়েছে। এছাড়া আরও দুটি হাট কমমূল্যে ইজারা দেওয়ার পাঁয়তারা চলছে বলে স্থানীয়দের দাবি। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে।

স্থানীয়রা জানান, চলতি বছর সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ও রসুলপুর (বনগ্রাম) হাট কমমূল্যে নিলাম করা হয়েছে। কাশিনাথপুর হাটে মাত্র দুটি টেন্ডার সিডিউল জমা পড়েছে। রসুলপুর (বনগ্রাম) হাটে তিনটি। টেন্ডার দাতারা সমঝোতা করে এবং দায়িত্বশীল সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করে কমমূল্যে নিলাম বিট করেছে। এতে দুটি হাটে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে কমপক্ষে ৫০ লাখ টাকা।

অপরদিকে, সাঁথিয়া সদরের বোয়াইলমারী হাট ইজারার জন্য ৬৪ লাখ ২০ হাজার টাকার একটি দরপ্রস্তাব নিয়ে আলোচনা চলছে। অথচ গত বছর একই হাটের ইজারা মূল্য ছিল ৯০ লাখ টাকা। এবার নিলাম মূল্য উঠেছে ৬৪ লাখ ২০ হাজার টাকা। সিডিউল বিক্রি হয়েছে ৭টি কিন্তু জমা পড়েছে ৩টি। অর্থাৎ সমঝোতা হয়েছে। এখন দেন-দরবার শুরু হয়েছে। কম দামে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা ঘটনাকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে বলছেন, ইজারা মূল্য অস্বাভাবিকভাবে কমিয়ে নির্দিষ্ট একটি পক্ষকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, টেন্ডার বিধিমালা অনুযায়ী প্রতিটি দরপত্রের সঙ্গে নির্ধারিত পরিমাণ ব্যাংক ড্রাফট সংযুক্ত করা বাধ্যতামূলক। তবে জমা করা তিনটির মধ্যে কেবল একটি দরপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট রয়েছে। বাকি দুটি দরপত্রে কোনো ব্যাংক ড্রাফট সংযুক্ত করা হয়নি।

নিয়ম অনুযায়ী, ব্যাংক ড্রাফটবিহীন দরপত্র বাতিল হওয়ার যোগ্য। ফলে একটি বৈধ দরপত্রকে একক দরদাতা হিসেবে বিবেচনা করে কম মূল্যে হাট ইজারা দেওয়ার পথ সুগম করা হচ্ছে- এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতা এড়াতে ও নির্দিষ্ট পক্ষকে সুবিধা দিতে ইচ্ছাকৃতভাবে ‘লোকদেখানো’ দরপত্র জমা দেওয়া হয়েছে। এতে প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া কার্যত ভেস্তে গেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রকৃত প্রতিযোগিতা নিশ্চিত হলে সরকার আরও বেশি রাজস্ব পেতে পারত। ত্রুটিপূর্ণ টেন্ডার প্রক্রিয়া নিয়ে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ করে বলছেন, এসব অপকর্মের সঙ্গে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন জড়িত। বিষয়টি তদন্তের দাবিও করছেন।

এ ব্যাপারে পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, "বিগত তিন বছরের টেন্ডার দর গড় করে নিলাম মূল্য নির্ধারণ করা হয়েছে। সেই মোতাবেক যদি গড় মূল্যের চেয়ে নিলাম মূল্য বেশি হয় তখন সর্বোচ্চ দরদাতাকে কাজ দেয়া হয়ে থাকে।" এক্ষেত্রে তাই হয়েছে।

এখানে উল্লেখ্য, বিগত বছরগুলোতে হাট-বাজার, সায়রাত মহাল, বালু মহাল ইত্যাদি নিলামে ব্যাপক নয়-ছয় হয়েছে। স্বৈরাচারী সরকারের এমপি, স্থানীয় মেয়র এবং চেয়ারম্যানদের সঙ্গে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারদের সমঝোতা নাটকের মাধ্যমে কম মূল্যে নিলাম সম্পন্ন হয়েছে। এতে বিগত তিন বছরের গড় মূল্য কমে রাজস্ব হ্রাস পেয়েছে।

এ ব্যাপারে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সংবাদকে বলেন, ‘সরকারি নীতিমালা অনুসারে হাট-বাজার, সায়রাত মহাল, বালু মহাল ইত্যাদি লিজ প্রদান করা হয়ে থাকে।’

বিভাগীয় কমিশনার আরও জানান, সরকারি নীতিমালা সংশোধন করা দরকার। কারণ টেন্ডার সমঝোতা করে দুষ্ট চক্র রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের পকেটে টাকা উঠাচ্ছে। অভিজ্ঞরা মনে করেন, একটি কিম্বা দুটি সিডিউল যখনই জমা পড়ে তখন পুনরায় টেন্ডার আহ্বান করে দর বাড়ানোর চেষ্টা করা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি