মানিকগঞ্জের সাটুরিয়ায় ৪০ জন সুফলভোগীর মাঝে ১২০টি ভেড়া বিতরণ করা হয়েছে। নদীবিধৌত চরাঞ্চলে বাস্তবায়িত ‘‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের’’ আওতায় এসব ভেড়া বিতরণ করা হয়।
রোববার (১ মার্চ) সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অফিস চত্বরে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান। তিনি সুফলভোগীদের মাঝে ভেড়াগুলো হস্তান্তর করেন।
এ সময় ড. মোহাম্মদ মজিবুর রহমান জানান, ঢাকা বিভাগের সাতটি জেলার ৩১টি উপজেলার ১২০টি ইউনিয়নের নদীবিধৌত চরাঞ্চলে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর। এর মধ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রায় চার হাজার ৫০০ খামারি এই প্রকল্পের আওতায় রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। চরের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও আমিষের চাহিদা পূরণ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী, সাটুরিয়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. খোকন হোসেন, প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা নাজমুন্নাহার, প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মো. লুৎফর রহমান প্রমুখ।
সারাদেশ: সাটুরিয়ায় ৪০ খামারির মাঝে ভেড়া বিতরণ