মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রভাব পড়েছে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও। ইরানে মার্কিন-ইসরায়েল হামলার জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে রোববার (১ মার্চ) বিমানবন্দরটিতে একটি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করেনি।
বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, দোহা থেকে ওসমানী বিমানবন্দরে ফেরার কথা ছিল একটি ফ্লাইট; সেটি বাতিল ঘোষণা করা হয়েছে।
এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ আকাশপথ বন্ধ রাখা হয়েছে। এর জেরে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো।
ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে—তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন তারা। অনেক যাত্রী গন্তব্যে যেতে না পেরে বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন। অন্যদিকে, গভীর রাতে ফ্লাইট রয়েছে—এমন যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিচ্ছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
শনিবার রাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আহত তিন বাংলাদেশির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মিশন ও দূতাবাসকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’’
তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থেই মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। ফলে গতকাল শনিবার বিকেল থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী অন্তত ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সারাদেশ: সাটুরিয়ায় ৪০ খামারির মাঝে ভেড়া বিতরণ