সরকারের দৃশ্যমান কাজের অংশ হিসেবে সারাদেশে এক হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। দ্রুতই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি সোমবার (২ মার্চ) বেলা ১২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শনকালে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “অনেকে প্রভাবশালী ব্যক্তি খাল দখল করে সেখানে মার্কেট তৈরি করেন বা বাড়িঘর নির্মাণ করেন। কিন্তু এই খাল সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি এবং জনগণের প্রয়োজনে ব্যবহার হয়। জনসাধারণ যাতে সুবিধা পান, এজন্য আমরা খাল খনন কর্মসূচী বৃহৎ আকারে হাতে নিয়েছি।
প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের ভিত্তিতেই এই কাজ শুরু হয়েছিল। আজ আমরা সেই আদর্শকে এগিয়ে নিয়ে যাচ্ছি। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের পরিকল্পনা হাতে নিয়েছি। শপথ নেওয়ার পরপরই আমরা কাজে নেমেছি। এটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ও আদর্শের আলোকে জনগণের পাশে দাঁড়িয়ে দেশপ্রেমিক সরকার গঠনের দৃষ্টান্ত।”
এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা প্রশাসক আলম হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর আমরা দৃশ্যমান কিছু কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য সাধারণ মানুষের পাশে থেকে দেশকে নতুনভাবে গড়ে তোলা।
চৌক্কার খালের দু’পাশে কয়েকটি শিল্প কারখানা এবং সাধারণ মানুষের বাড়িঘর রয়েছে। খালের পুনঃখনন ও পানি প্রবাহ ঠিক রাখার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, সাধারণ মানুষ যাতে সুবিধা পায়। পরিকল্পিত শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনার জন্যও নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই দায়িত্ব নিয়ে আমরা খাল পুনঃখননের কাজে নেমেছি।”
আন্তর্জাতিক: খামেনি হত্যা আন্তর্জাতিক আইন ও রীতির সরাসরি লঙ্ঘন
অপরাধ ও দুর্নীতি: মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী