নওগাঁর সাপাহারে এক স্কুলছাত্রীর কানের দুল ছিনতাই করার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ছিনতাইকৃত স্বর্ণের কানের দুলও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯টার দিকে সাপাহার ইউনিয়নের চৌধুরী চান মোহাম্মদ মহিলা কলেজ রোডের আড়ত সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন দশম শ্রেণির এক স্কুলছাত্রী। এ সময় কয়েকজন বখাটে পথরোধ করে চাকু ও লাঠি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ছাত্রীর আনুমানিক তিন আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালায়। স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত সটকে যায়।
ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং সাপাহার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান শুরু করে।
স্থানীয়দের সহযোগিতা এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ আসামিদের সনাক্ত করতে সক্ষম হয়। পরে রবিবার (১ মার্চ) বিকেলে সার্কেল পুলিশের একটি দল প্রধান আসামি মো. মিজানুর ইসলামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী দেখানো স্থান থেকে ছিনতাইকৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।
এই ঘটনায় সাপাহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
আন্তর্জাতিক: খামেনি হত্যা আন্তর্জাতিক আইন ও রীতির সরাসরি লঙ্ঘন
অপরাধ ও দুর্নীতি: মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী