image

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর শহরের লক্ষীপুর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার (২ মার্চ) রাতে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল–এ তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে রেলস্টেশন বাজারের বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা সাংবাদিকদের জানান, পাওনা টাকা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে স্থানীয় এক শিল্পীর মাদক ব্যবসায়ী জামাই হৃদয়সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রাজু ওরফে বাটুল রাজুর ওপর হামলা চালায়। হামলাকারীরা তার পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী শিল্পীর জামাই মো. নুরুল ইসলামকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি