image

মধুপুরে ভূমি সেবার মানোন্নয়নের আলোচনা

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের উদ্যোগে ভূমি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে করণীয় বিষয়ক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলা ভূমি সেবার মান ও সুশাসন নিশ্চিতকরণে এ সভার আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি)–এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সনাক এবং সনাকের তত্ত্বাবধানে তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) মধুপুরের সদস্যবৃন্দ ও মধুপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা অংশ নেন।

ভূমি বিষয়ক আহ্বায়ক শ্রীকুমার গুহ নিয়োগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্নীতিবিরোধী আন্দোলন ও ভূমি সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন টিআইবি’র মধুপুরের সভাপতি মো. বজলুর রশিদ খান, সনাক সদস্য মো. আব্দুল মালেক, অজয় মৃ, ডা. শামসুল আলম, সাদের আলী, ইয়েস দলনেতা পূর্ণ প্রসাদ নিলয়, সজিব ইসলাম, সমন্বয়কবৃন্দ এবং অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)–এর সদস্যরা।

সভায় টিআইবি’র চলমান প্রকল্পের আওতায় ইউনিয়নভিত্তিক ভূমি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের লক্ষ্যে গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের উদ্যোগে পরিচালিত কমিউনিটি মনিটরিং, স্থানীয় নাগরিক ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত কমিউনিটি অ্যাকশন মিটিংয়ের আলোচনা, মতামত ও প্রত্যাশা তুলে ধরেন এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং।

সভায় পাঁচটি প্রধান সমস্যা তুলে ধরা হয়। এগুলো হলো—আদিবাসীদের ভূমি সমস্যা, ভূমি সেবা পেতে জনগণের হয়রানি, ডিজিটাল সেবায় অজ্ঞতা, ভূমি অফিসে সুপেয় পানির সংকট এবং নারী সদস্যদের সেবা প্রাপ্তির প্রতিবন্ধকতা।

মুক্ত আলোচনায় আব্দুল মালেক গারো আদিবাসী জনগোষ্ঠীর ভূমি সমস্যাগুলো তুলে ধরেন। সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন বলেন, “আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে ইতোমধ্যে কাজ চলছে। বন বিভাগ, ভূমি অফিস এবং জয়েনশাহীর আদিবাসী নেতৃবৃন্দ একসঙ্গে সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন। অতি শিগগিরই এসব সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

সনাক সদস্য শ্রীকুমার গুহ নিয়োগী বলেন, বিগত বছরে ইউনিয়ন ভূমি সেবার মান বৃদ্ধির জন্য যেসব বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল, সেগুলো পুনরায় ইউনিয়নভিত্তিক কর্মীদের অবহিত করার প্রয়োজন রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, “অনেকে এসিল্যান্ড অফিসে আসতে ভয় পান। কেউ যদি ভূমি-সংক্রান্ত সমস্যা নিয়ে আমার কাছে আসেন এবং কাগজপত্রে কোনো জটিলতা না থাকে, তাহলে সমাধানের চেষ্টা করা হয়। কর্মীদেরও একইভাবে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি সকলের সহযোগিতায় মধুপুরে ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন। সনাক সভাপতি মো. বজলুর রশিদ খান বলেন, সনাক সবসময় জনগণের পাশে রয়েছে এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছে।

সম্প্রতি