image

সিলেটের নজরুল অডিটরিয়ামের নাম বদল

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

আবার বদলে যাচ্ছে সিলেটের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের নাম। সরকারি এই মিলনায়তনটি আবার ফিরছে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের নামে।

মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সফরে এসে এই মিলনায়তন পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম এমনটি জানান।

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়া অডিটরিয়ামটির সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, “আমরা এম. সাইফুর রহমান অডিটরিয়াম নামেই অর্থ বরাদ্ধ দেব। নামটি সামনে বড় করে লিখতে হবে, যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু অতিরিক্ত খরচ হয়, তাতেও সমস্যা নেই।”

এসময় সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বর্তমানে এই অডিটরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। যথাযথ তদারকি হচ্ছে না। তাই এটি সিটি করপোরেশনের আওতায় আনা প্রয়োজন। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী সম্মতি প্রদান করেন।

প্রসঙ্গত, শুরুতে এই মিলনায়তনের নাম ছিল সিলেট অডিটরিয়াম। গত চারদলীয় জোট সরকারের সময়ে সংস্কার শেষে এটির নাম পরিবর্তন করে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম. সাইফুর রহমানের নামে রাখা হয়। পরে আওয়ামী লীগ সরকারের সময় নাম পরিবর্তন করে কবি নজরুল অডিটরিয়াম রাখা হয়। প্রায় ২০ বছর পর বিএনপি ক্ষমতাসীন হয়ে আবারও অডিটরিয়ামের নাম বদলের উদ্যোগ নিয়েছে, এবং নাম ফিরছে সাইফুর রহমানের নামে।

সম্প্রতি