স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিলেট সিটি কর্পোরেশনের জনবান্ধব সব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিটি কর্পোরেশনের নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমার জন্য মানুষের সুবিধা সর্বোচ্চ গুরুত্বের। তাই প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের কাজে লাগবে এমন প্রকল্প অগ্রাধিকার দিয়ে যত দ্রুত সম্ভব অনুমোদন দেওয়া হবে।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকের প্রশংসা করে বলেন, “আব্দুল কাইয়ুম চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন কাজে সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের সঙ্গেও কাজ করেছেন। তাঁর নেতৃত্বে সিলেট হবে একটি আধুনিক নগর। নাগরিকরা পাবেন সর্বোচ্চ সেবা।”
সিটি কর্পোরেশনের কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, “আমি আসার পথে দেখেছি সিলেট নগর অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। আশা করি আপনারা ধারাবাহিকতা বজায় রাখবেন। সরকারের ওপর নির্ভরতা কমিয়ে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হবে।”
মীর শাহে আলম খাল খনন, দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিটি ওয়াসা স্থাপনসহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। এছাড়া সড়ক সংস্কার কাজে পরিবেশবান্ধব পদ্ধতি প্রয়োগেরও নির্দেশ দেন তিনি।
সভায় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটকে দেশের নাম্বার ওয়ান আধুনিক নগর হিসেবে গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। বাসযোগ্য আধুনিক নগর গড়তে সরকারি দপ্তর ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। প্রধানমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন দেখেছি, এবং স্থানীয় প্রতিমন্ত্রীও আমাদেরকে উৎসাহিত করেছেন। আশা করি আমরা সবার সহযোগিতায় একটি সুন্দর নগর গড়তে পারব।”
সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার চলমান ও বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাসের আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব বিশ্বজিত দেব, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক এবং সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণ।
সকাল ৮টা ৫০ মিনিটে প্রতিমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সংসদ সদস্য এম এ মালিক, এমরান আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও প্রধান প্রকৌশলী আলী আকবর উপস্থিত ছিলেন।
এরপর প্রতিমন্ত্রী সিলেট সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর মীর শাহে আলম রিকাবীবাজারে এম. সাইফুর রহমান অডিটরিয়াম, ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে এবং জেল কলোনি পরিদর্শন করেন।