image

১৭ লাখ টাকার চাকরির ফাঁদে ঝুলন্ত জীবন

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে ১৭ লাখ টাকা নিয়েছিলেন খালাতো ভাই জাকির হোসেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গিয়ে জীবন দিতে হলো রুপভান বেগম (৩৫)-কে। নিহতের স্বজনরা এই অভিযোগ করেছেন।

রবিবার (১ মার্চ) গভীর রাতে রংপুর নগরীর ইসলামবাগ এলাকায় খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে রুপভান আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকে জাকির হোসেন পলাতক রয়েছেন।

নিহতের স্বামী সাদিকুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। পরিবার নীলফামারীর জলঢাকা উপজেলার। তিনি দুই সন্তানকে নিয়ে রংপুরের লালকুঠি এলাকায় বসবাস করতেন।

নিহতের পরিবারের অভিযোগ, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার পর চাকরি না হওয়ায় এবং টাকা ফেরত চাওয়ার কারণে খালাতো ভাই রুপভানকে হত্যা করেছেন।

স্বজনদের বক্তব্য, রবিবার দুপুরে জাকির হোসেন রুপভানকে মোটরসাইকেলে নিয়ে যান। পরে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর রাতে জাকিরের বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে আবু হুরায়রা জানান, “জাকির মামা দুপুরে এসে আম্মুকে নিয়ে চলে যায়। পরে ফোনে যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।”

নিহত রুপভানের ভাই আশরাফুল ইসলাম বলেন, “বোনের প্রাইমারি স্কুলের চাকরির জন্য আমি ১৫ লাখ টাকা দিয়েছি। আমার বোন আরও ২ লাখ টাকা দিয়েছেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গিয়ে হত্যা করা হয়েছে।”

বাড়ির মালিক ফজলুল হক জানান, জাকির হোসেন দুই মাস আগে বাসা ভাড়া নেন। ঘটনার রাতে পুলিশ তালা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী জানিয়েছেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্বজনরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি