image

ঈদ ঘিরে কটিয়াদী বাজারে ক্রেতার ঢল, চড়া দামে ক্ষোভ

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কটিয়াদীর বিপণিবিতানগুলোতে এখন উৎসবের আমেজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাপড় ও জুতার দোকানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। বিশেষ করে থ্রি-পিস, শাড়ি ও পাঞ্জাবির দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় চোখে পড়ার মতো। রমজানের শুরু থেকেই বাজারে ঈদের আবহ তৈরি হলেও দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কেনাকাটার চাপ। গত সোমবার দুপুরে কটিয়াদী বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পছন্দের পোশাক বেছে নিতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। বিক্রেতারাও নতুন ডিজাইনের থ্রি-পিস ও শাড়ি আকর্ষণীয়ভাবে সাজিয়ে প্রদর্শন করছেন, যাতে সহজেই ক্রেতাদের নজর কাড়ে।

ব্যবসায়ীদের মতে, সুতির কাজ করা ব্লক-বাটিক, জর্জেট ও সিল্কের থ্রি-পিসের চাহিদাই সবচেয়ে বেশি। ৮০০ থেকে ১২০০ টাকা মূল্যের থ্রি-পিস বিক্রি হচ্ছে বেশি, যা মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে মার্কেটগুলো রঙিন মরিচা বাতি ও আলোকসজ্জায় সাজানো হয়েছে। ঝলমলে আলো ও বর্ণিল সাজে পুরো বাজারজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

তবে আনন্দঘন এই পরিবেশের মাঝেই উঠেছে মূল্যবৃদ্ধির অভিযোগ। একাধিক ক্রেতার দাবি, কিছু দোকানে আগের মূল্য স্টিকার পরিবর্তন করে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন স্টিকার লাগানো হয়েছে। এতে সাধারণ ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জুতার দোকানে আসা ফেকামারা গ্রামের রফিকুল ইসলাম রফিক বলেন, রমজানের শুরুতে যে জুতার দাম কম ছিল, এখন সেটির দাম কয়েকশ টাকা বেড়েছে। ঈদ সামনে রেখে এভাবে দাম বাড়ানো ঠিক নয়। অন্যদিকে দোকান মালিকদের দাবি, পাইকারি বাজারে দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও সরবরাহ খরচ বেড়ে যাওয়ায় কিছু পণ্যের মূল্য সমন্বয় করতে হয়েছে।

তরুণ উদ্যোক্তা ও ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ইনচার্জ তানিয়া নাছরিন বর্ণালী বলেন, ‘কোনো দোকানদার যদি আগের স্টিকার পরিবর্তন করে নতুন স্টিকার লাগিয়ে মূল্য বৃদ্ধি করেন, তা অনৈতিক। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।’

ঈদ বাজারকে ঘিরে অতিরিক্ত চাপের কারণে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কসহ কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে কলেজ রোড, হাসপাতাল মোড় ও মডেল থানা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন ওয়ানওয়ে পদ্ধতিতে যান চলাচলের ব্যবস্থা করেছে। নির্দিষ্ট দিক দিয়ে যানবাহন প্রবেশ ও বের হওয়ার নির্দেশনা দেয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘সারাদেশ’ : আরও খবর

» রায়গঞ্জে বেদখল সড়ক ও ফুটপাত

সম্প্রতি