ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের নির্বাচনের ফলাফল কারচুপির অভিযোগের প্রেক্ষিতে, এই আসনের ব্যালট পেপার ও ফলাফলের শিট হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে এ আদেশ দেন। এই আবেদন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পক্ষে। শুনানিতে অংশ নেন বিএনপির পক্ষে আইনজীবী মো. মোক্তাদির রহমান।
তথ্য অনুযায়ী, ময়মনসিংহ-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হারিয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির বহিষ্কৃত নেতা সালমান ওমর রুবেল। এছাড়া এই আসনে আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারা হলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জিল্লুর রহমান (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. তাজুল ইসলাম (রিক্সা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আজহারুল ইসলাম (কাস্তে), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. আ. রাজ্জাক (কাঁচি)।
স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৬০৪ জন, নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ১০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। দুই উপজেলার ১৪৩টি কেন্দ্রে (হালুয়াঘাটে ৯৪টি ও ধোবাউড়ায় ৪৯টি) মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬৪ হাজার ৬৭৩টি।
ফলাফলের বর্ণনা অনুযায়ী, সালমান ওমর রুবেল (স্বতন্ত্র) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট, আর সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট। হাইকোর্টের এ নির্দেশনার পর নির্বাচনী এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অর্থ-বাণিজ্য: পোশাকশ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিল সরকার
অর্থ-বাণিজ্য: বড় পতন শেয়ারবাজারে, ডিএসইর সূচক কমলো প্রায় ২০০ পয়েন্ট
অর্থ-বাণিজ্য: টানা সাত মাস পণ্য রপ্তানি কমল
অর্থ-বাণিজ্য: ছাড়ের সুবিধায় খেলাপি ঋণ নেমেছে ৩১ শতাংশে