পটুয়াখালীর দুমকিতে পরকিয়ার ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও বিয়ের চাপ সৃষ্টি করে একাধিক যুবকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে শামিমা আক্তার আঁখি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ মার্চ) সকালে গোপন খবরের ভিত্তিতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, পটুয়াখালী নারী ও শিশু জজ আদালতের ১৭৫/২৬ নম্বর মামলার ১৭(বি) ধারার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা শামিমা আক্তার আঁখি দুমকি শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সম্পর্কের ফাঁদে ফেলে বিয়ের দাবিতে চাপ সৃষ্টি এবং অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। একাধিক ঘটনায় সালিস-মীমাংসার মাধ্যমে টাকা লেনদেনও হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের ঘটনাও রয়েছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, মানসম্মানের ভয়ে তারা সালিশের মাধ্যমে টাকা দিতে বাধ্য হয়েছেন। তবে মামলার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন।